ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদে কোনও শান্তি নেই। এই দেশের মুসলিম সমাজ জঙ্গিবাদকে ঘৃণা করে। জঙ্গিবাদ কোনওভাবেই সমাজে কল্যাণ বয়ে আনতে পারে না। কারণ, এর দৃষ্টান্ত শোলাকিয়ার ঘটনায় নিহত এক জঙ্গির জানাজা। ওই জানাজায় ইমাম ছাড়া কোনও মানুষ অংশ নেননি।
২৪ জুলাই রবিবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার শহরের অভিজাত হোটেল কক্সটুডে’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি মসজিদ-মন্দিরে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানোর আহ্বান জানান।
শহিদুল হক বলেন, প্রকৃত মুসলমান কখনও মানুষ হত্যা করতে পারে না। জঙ্গিবাদের নামে যারা মানুষ হত্যা করছে তারা প্রকৃত মুসলিম নয়। তারা দেশের শত্রু। তারা দেশকে ধ্বংস করতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি জাতীয় ঐক্যের মাধ্যমে এ দেশ থেকে চিরতরে জঙ্গি নির্মূল করা হবে। এছাড়া যারা পথভ্রষ্ট হয়ে জঙ্গিবাদের দিকে ধাবিত হয়েছে বা হতে যাচ্ছে, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।
এ সময় আইজিপি আরও বলেন, বর্তমানে এদেশে ৫৬ জন জঙ্গির বিরুদ্ধে নিম্ন আদালতে ফাঁসির রায় হয়েছে। তাদের মধ্যে ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। বাকিরা উচ্চ আদালতে আপিল করেছেন। যদি পর্যায়ক্রমে তাদের ফাঁসি কার্যকর করা যায়, তাহলে দেশ থেকে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলা যাবে।
আইজিপি বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যেতে হবে। তিনি এ সময় মসজিদ-মন্দিরে জঙ্গিবাদ বিরোধী প্রচারণা চালানোর আহ্বান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ফজলুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, সাবেক সংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মো. শাহজাহান, সাংবাদিক ইউনিয়নের কক্সবাজার জেলা সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা হোটেল মোটেল ঐক্য জোটের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা।
/জেবি/
আরও পড়তে পারেন : দিনাজপুরে ইজিবাইকচালক কিশোরের লাশ উদ্ধার







