কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরীতে বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুইজন হচ্ছেন- ধনাইতরী গ্রামের আলেক হোসেনের ছেলে জামাল হোসেন (৬০) ও একই গ্রামের আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ধনাইতরী গ্রামে প্রতিবেশী ফরিদ মিয়াদের সাথে জামাল হোসেনদের পারিবারের বাড়ির রাস্তা নিয়ে মামলা চলে আসছিল। মামলায় ফরিদ মিয়াদের কয়েকজন জেলে যান।
তারা মুক্তি পেয়ে বেরিয়ে এসে শুক্রবার বাড়ির কাছে জামাল হোসেন ও গিয়াস উদ্দিনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিন মারা যান। আহত জামাল হোসেনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরে তিনি সেখানে মারা যান।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, রাস্তা নিয়ে বিরোধের জেরে দুইজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে।
/এবি/
আরও পড়ুন-







