লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে শহরের জননী বাস টার্মিনালে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা চলাকালে সংঘর্ষে ৫ নেতাকর্মী আহত হয়।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান ফয়সাল মাল ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান শুভর অনুসারীরা এ সংঘাতে জড়িয়েছে বলে প্রত্যদর্শীরা জানিয়েছে।
আহতরা হলেন, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ভাটরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ, ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনসহ ৫ জন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান ফয়সাল মাল বলেন,আলোচনা সভা চলাকালে প্যান্ডেলের এক পাশে সংঘর্ষে কলেজ ছাত্রলীগ নেতা নাজিমসহ ২ জন আহত হয়। ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের কোনও গ্রুপ নয়, উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের কিছু ছেলে এ ঘটনা ঘটিয়েছে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে এটা হয়েছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ তোতা মিয়া বলেন, ঘটনা সম্পর্কে পুলিশ কিছুই জানে না বা আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে আগে থেকেই পুলিশ ছিল।
আরও পড়ুন: সেখানে জাতীয় শোক দিবস এবারই প্রথম
/এআর/







