ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে গঠিত চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছে। আজ বৃহস্পতিবার দিনব্যাপী হামলার শিকার বিভিন্ন মন্দির এবং ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা।
পরে নাসিরনগর গৌরমন্দির এলাকায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সূত্রপাত কিভাবে হলো এ নিয়ে আমরা কাজ করছি। আগামী সাত কার্য দিবসের মধ্যে সদর দফতরে রির্পোট জমা দেবেন বলে জানান তিনি।
এ সময় কমিটির সদস্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, পুলিশ হেড কোয়াটার্সের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া সহকারী পুলিশ সুপার (হেডকোয়াটার্স) রাজন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
/বিটি/







