সাংগ্রাই উৎসবে একে-অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ, অবসাদ দূর করে শুদ্ধ মনে নতুন বছর শুরুর আনুষ্ঠানিকতা পালন করলেন পার্বত্যাঞ্চলের মারমা জনগোষ্ঠী। বৈসাবিতে রবিবার (১৬ এপ্রিল) সকালে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া মাঠে মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব সাংগ্রাইয়ে জলকেলি বা পানি উৎসব অনুষ্ঠিত হয়।
মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) আয়োজিত জলকেলিতে এসময় প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। রাঙামাটি মাসস’র সভাপতি অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক ও রাঙামাটির জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান প্রমুখ।
এসময় প্রধান অতিথি বীর বাহাদুর বলেন, ‘পার্বত্য অঞ্চলের অন্যতম প্রধান উৎসব জল খেলা। শুধু মারমা সম্প্রদায়ের লোকেরাই নয়, সব জনগোষ্ঠির উৎসবে রূপান্তরিত হয়েছে এটি। আমারা বুঝি ধর্ম যার যার, উৎসব হবে সবার। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’
আলোচনা সভা শেষে অতিথিরা ঘণ্টা বাজিয়ে জলকেলি উদ্বোধন করেন। এরপর একে-অপরের গায়ে পানি ছিটিয়ে প্রতীকী অর্থে সব অবসাদ দূর করে দেন। জলকেলি অনুষ্ঠানের পর মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নাচ পরিবেশন করা হয়। বিভিন্ন জেলা, উপজেলা থেকে আসা কয়েক হাজার মারমা নারী-পুরুষ একে-অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসব পালন করন। সাংগ্রাই উৎসব উপলক্ষে বেতবুনিয়া মাঠে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে মেলাও বসে।
/এফএস/
আরও পড়ুন-
ভ্রাম্যমাণ আদালতের ভয়ে রাস্তায় নেই গাড়ি!







