তৃণমূলের পাঁচ হাজার প্রতিনিধিকে নিয়ে আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লার তৃণমূলের নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকালে জেলার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলপথমন্ত্রী মজিবুল হক মজিব। সভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
প্রতিনিধি সম্মেলনে কুমিল্লা দক্ষিণ সাংগঠনিক জেলার আওতাধীন ১০ উপজেলার তৃণমূলসহ প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেবে বলে জানায় আয়োজক কমিটি।
আরও পড়ুন:
রোহিঙ্গা শরণার্থীদের যেন কষ্ট না হয়: দেশবাসীকে প্রধানমন্ত্রী







