ফেসবুকে কথিত আপত্তিকর স্ট্যাটাসকে কেন্দ্র করে রংপুর সদরের হিন্দুপ্রধান ঠাকুরপাড়া গ্রামে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতন সম্প্রদায়ের বেশ কয়েকটি সংগঠন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে শহরের পৌরসভা চত্বর থেকে সনাতনী যুব পরিষদ ও জাগো হিন্দু পরিষদের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা চলছে। এর আগে ঘটে যাওয়া হামলাগুলোর বিচার না হওয়ায় এসব হামলা হচ্ছে। রংপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান তারা।
সমাবেশে রাঙামাটি শহর সনাতন যুব পরিষদের সভাপতি উজ্জ্বল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর কুমার দে,সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য,জেলা সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্র,রাঙামাটি জেলা পুরোহিত কল্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী,সেলুন মালিক সমিতির সাধারণ সম্পাদক অজিত শীল,জেলা জাগো হিন্দু পরিষদের সভাপতি দেবু চক্রবর্তী প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন শহর সনাতনী যুব পরিষদের সাধারণ সম্পাদক দেবাশিষ পালিত রাজন।







