চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৬ নভেম্বর) রাতে মো. ফয়সাল (২৩) নামে ওই সদস্যকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার ফয়সাল সাতকানিয়া উপজেলার পুরানঘর এলাকার আব্দুর রহমানের ছেলে।
ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা ফয়সালকে গ্রেফতার করি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় জনৈক টিটুর বাড়িতে অভিযান চালিয়ে দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ফয়সালের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফয়সাল খুবই চতুর। মোটরসাইকেল যেভাবেই তালাবদ্ধ করে রাখা হোক না কেন, সে স্টিয়ারিংয়ে মোচড় দিয়ে সেটি চুরি করে নিয়ে যেতে পারে। এতে তার মাত্র দুই মিনিট সময় লাগে। তার সঙ্গে আরও ১০ থেকে ১৫ জনের একটি চক্র আছে। আমরা তাদেরকে আটক করার চেষ্টা করছি।’







