বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকির আদালতে মামলা দুটি দায়ের করা হয়। মামলার বাদী বঙ্গবন্ধু আইনজীবী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন।
বাদীপক্ষের অভিযোগ, গত ১ ডিসেম্বর মাহমুদুর রহমান জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছেন। তাই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এই মামলা দুটি দায়ের করা হয়েছে।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, আদালত মামলা দুটি নিয়েছে। পরবর্তীতে শুনানি অনুষ্ঠিত হবে।
আরও পড়তে পারেন: মাহমুদুর রহমানের বিরুদ্ধে ঝিনাইদহ ও মৌলভীবাজারে মামলা







