বান্দরবানের আলীকদম থেকে ১৩টি দেশীয় অস্ত্র, ১৯ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে র্যাব-৭। আটককৃতরা হলেন, মো. ফারুক (২৮), আজগর আলী (২২) ও দুলাল মিয়া (৪০)। তাদের সবার বাড়ি আলীকদম সদর ইউপির কলাঝিড়ি এলাকায়।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে আলীকদম পানবাজার থেকে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র এএসপি সায়েদা সুলতানা ও লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় তারা ১৩টি দেশীয় অস্ত্র, ১৯ রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল জব্দ করে। এসময় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। অস্ত্রগুলো ফুলের ঝাড়ের ভেতরে লুকানো ছিল।
এ ব্যাপারে আলীকদম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিক উল্লাহ বলেন, ‘অস্ত্র উদ্ধারের বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে র্যাব আমাদেরকে কিছুই জানায়নি। ওই তিনজনকে চট্টগ্রাম র্যাব-৭ এর কার্যালয়ে নিয়ে গেছে বলে জানতে পেরেছি।’






