চট্টগ্রামের কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে খুলশী থানার ঝাও তলা এলাকায় বিজিএমই ভবনের পিছন এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত দুই শিশুর নাম, সোহান (৭) ও আলামিন (৭)। প্রাথমিক চিকিৎসার পর আলামিনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তার বাবা সুমন। তবে সোহান আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, সকাল দশটার দিকে তারা মাঠে খেলতে যায়। ১২টার দিকে তারা টেপ দিয়ে মোড়ানো বড় বল সদৃশ একটি বস্তু পায়। বল মনে করে তা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোণে তারা আহত হয়।
এলাকাবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম জানান, মঙ্গলবার (২৭ মার্চ) রাত ১০ দিকে একটি দল মিছিল নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজনকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। হয়তো ওই ককটেলের কোনও একটি মাঠে পড়ে ছিল।যেটা ওই শিশুরা তা পেয়েছে।
এ ব্যাপারে খুলশী থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ ঘটনাস্থলে বোমা বা ককটেলের কোনও আলামত পায়নি। বিস্ফোরিত বস্তুটি পটকা জাতীয় কিছু হবে।
মঙ্গলবার রাতে মিছিলের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, এই এলাকায় রেলওয়ের জমি দখল নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। মঙ্গলবার রাতে দুই গ্রুপ পাল্টা পাল্টি মিছিল বের করে। তবে পুলিশের উপস্থিতির কারণে সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ঘরে ঢুকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার








