নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতারের কথা জানিয়েছে কোস্টগার্ড।সোমবার (৪ জুন) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিয়ার ডাগলারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল।এসময় তাদের কাছ থেকে ২টি বন্দুক, ১টি রামদা, ২টি দা ও ২টি ছোরা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলো– ইউছুফ (২৬), আহসান উল্যাহ (২৫) ও জামাল উদ্দিন (৩৭)। তাদের পুরো পরিচয় পাওয়া যায়নি। তবে তারা তিনজনই জলদস্যু আলাউদ্দিন বাহিনীর সদস্য বলে জানান কমান্ডার শাকিল।
শাকিল বলেন, ‘শনিবার দিনগত রাতে মেঘনা নদীর মনপুরা এলাকায় কয়েকটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। একই ডাকাত দল সোমবার ভোরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডাগলারচর এলাকায় অভিযান চালানো হয়।এসময় ডাগলারচরের জঙ্গলে লুকিয়ে থাকা ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।’
তিনি জানান, গ্রেফতার ওই তিনজনের বিরুদ্ধে হাতিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন- বেগমগঞ্জে নতুন গ্যাস ক্ষেত্রের পরীক্ষামূলক উত্তোলন আজ, ঈদের পর সরবরাহ শুরু







