রেলওয়েতে চাকরির দেওয়ার নাম করে টাকা আদায়ের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬৩, ৪২০ ধারা, মানি লন্ডারিং আইন ২০১২ এর ৪/২ ধারা এবং দুদক আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সুমন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ে সহকারী পরিদর্শক পদে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। গত ৪ জুলাই রেলওয়ের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় বর্তমানে সুমন সাময়িক বহিষ্কার রয়েছেন।
শরীফ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অলি উল্লাহ সুমন রেলওয়ে চাকরি দেওয়ার কথা বলে মিজানুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে এসএ পরিবহনের মাধ্যমে ৩ লাখ ৪০ হাজার টাকা নেন। তার অভিযোগের প্রেক্ষিতে দুদক সুমনের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তে সোনালী ব্যাংকের সিআরবি শাখায় তার হিসাব নম্বর থেকে ১ কোটি ৩১ লাখ ৭ হাজার ৪৮৭ টাকা লেনদেনের তথ্য পায় দুদক। এছাড়া ইসলামী ব্যাংকের স্টেশন রোড শাখায় তার আরেকটি ব্যাংক হিসাবে ৭ লাখ ৩৪ হাজার ৮১৫ টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। কিন্তু এই পরিমাণ টাকা আয়ের বৈধ কোনও উৎস সে দুদকের কাছে উপস্থাপন করতে পারেনি। তদন্তে তার বিরুদ্ধে আনা আরও কিছু অভিযোগের সত্যতা পায় দুদক। এসব ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’







