চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান বলেছেন, ‘পাহাড়ের সম্প্রীতি বিনষ্ট করতে একটি কুচক্রী মহল সময় সক্রিয় থাকে। তাই এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। এই গোষ্ঠী সম্প্রীতি ও উন্নয়ন চায় না। সোমবার (১ অক্টোবর) দুপরে লংগদু উপজেলায় রাবেতা মডেল কলেজের নাম পরিবর্তন ও নতুন একাডেমি ভবনের ভিত্তিপ্রস্তর করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মতিউর রহমান বলেন, ‘একটি এলাকার উন্নয়নের পূর্ব শর্ত সেই এলকার সম্প্রীতি বজায় থাকা। আর এই কলেজের মাধ্যমে প্রান্তিক মানুষজন যারা শহরে গিয়ে পড়াশুনার খবর ব্যায় করা কঠিন ছিল তাদের উচ্চ শিক্ষার ব্যবস্থা হবে। এই কলেজের উন্নয়নের যখন যা প্রয়োজন আমি খবর নিবো।
তিনি আরও বলেন, ‘ পাহাড়ের পাহাড়ি-বাঙালির সম্প্রীতি কখনোই নষ্ট করতে দেওয়া হবে না। যেকোনও মূল্যে সম্প্রীতি রক্ষা করতে হবে। ’
এ সময় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার হামিদুল হল, লংগদু জোন কমান্ডার লে. কর্নেল এসএম শফিকুল রহমান, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মো. জানে আলম, লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত।
উল্লেখ্য, লংগদু মডেল কলেজটি ১৯৯৫ সালের ১ নভেম্বর রাবেতা মডেল কলেজ নামে প্রতিষ্ঠিত হয় এবং ২০০১ সালে এমপিওভুক্ত হয়। লংগদু জোনের ঐকান্তিক চেষ্টা এবং উপজেলা পরিষদের অর্থায়নে কলেজটি একটি ডিগ্রি কলেজে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এই কলেজের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৭৯৪ জন যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৩০৯।







