একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি জেলা আওয়ামী লীগ নির্বাচনি প্রচরণা কার্যক্রম শুরু করেছে। সোমবার সন্ধ্যায় শহরের বনরূপা আলিফ মার্কেটে নির্বাচনি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নির্বাচনি প্রচারণা অফিসের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকারী কমিটির সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, চিংকিউ রোয়জা, নিখিল চাকমা ও সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
অফিস উদ্বোধন শেষে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়জা আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে দলীয় নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধারণ মানুষকে জানানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, রাঙামাটি (২৯৯ নং) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম কোনও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তার প্রচারনা শুরু করলো।







