চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন জেলা বিএনপির আহ্বায়ক। শনিবার (৮ ডিসেম্বর) বিকালে তিনি দলের চিঠি হাতে পান। এর মধ্য দিয়ে চাঁদপুর জেলার বিএনপি নেতাকর্মীদের প্রতীক্ষার অবসান ঘটলো। মানিকের মনোনয়ন পাওয়ার খবর চাঁদপুর পৌঁছলে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের উল্লাস করতে দেখা গেছে।
বর্তমানে এ আসনের এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সলিম উল্যা সেলিম জানান, শনিবার বিকাল সাড়ে ৪টায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুর-৩ আসন থেকে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে দলের চিঠি পেয়েছেন। আমরা খুবই আনন্দিত।
এর আগে শুক্রবার চাঁদপুরের বাকি চারটি আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলেও চাঁদপুর-৩ আসনে প্রার্থী ঘোষণা না করায় শঙ্কা পড়েন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কারণ, এ আসনে প্রথমে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের নেতা ফজলুল হক সরকার, গণফোরামের নেতা সেলিম আকবর ও সাবেক এমপি ও বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা।






