নোয়াখালীর কবিরহাট উপজেলার নবগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার (২৫ জানুয়ারি) নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই নারীকে দেখতে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন মওদুদ।
এ সময় মওদুদ আহমদ অভিযোগ করেন, ‘মামলার প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও চিকিৎসকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধর্ষণের আলামত পাওয়া যায়নি উল্লেখ করে মেডিক্যাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি মেডিক্যাল প্রতিবেদন নয়, রাজনৈতিক প্রতিবেদন।’ এই প্রতিবেদনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার জন্য সর্বোচ্চ আদালতে যাওয়ারও ঘোষণা দেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নির্বাচনের পর দেশের রাজনীতিতে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সরকারই সরকারের বিরোধী দলের ভূমিকা পালন করবে। যার কারণে সরকারের পতন হবে।’
এ সময় দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান উপস্থিত ছিলেন।








