কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শামুকচার গ্রামে শিক্ষক হাবিবুর রহমান হত্যা মামলায় দুই নারীসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (চতুর্থ) বিচারক নূর নাহার বেগম শিউলী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রেজ্জাকুল ইসলাম খোসরু।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো—ইকবাল মজুমদার, মোস্তাফিজুর রহমান, শাহ আলম, হাসিনা বেগম ও নাজনিন আক্তার। আসামিদের মধ্যে হাসিনা ও নাজনিন কারাগারে আছে। বাকি তিনজন পলাতক রয়েছে।
পিপি রেজ্জাকুল জানান, ২০০২ সালের ৭ অক্টোবর জমি নিয়ে বিরোধের জেরে রাতে নিজ ঘরে গুলি করে মিয়া বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যার দ্বিতীয় দিন নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় আটজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন।
মামলা সূত্রে জানা যায়, হাবিবুর রহমানের সঙ্গে প্রতিবেশী মৃত আনু মিয়ার পরিবারের বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে ঘিরে রাত ২টার দিকে আনু মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান ও শাহ আলমসহ আসামিরা হাবিবুর রহমানকে গুলি করে হত্যা করে।







