চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই আওয়ামী লীগ নেতা। তারা হলেন, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ।
অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আগামী ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে এই দুইটি পদে নির্বাচন হচ্ছে না।
বৃহস্পতিবার (৭ মার্চ) পর্যন্ত হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আমজাদ হোসেন মিরণ মুন্সী, ভাইস চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা মো. মজিবুর রহমান, মো. ফখরুজ্জামান ও জাহাঙ্গীর আলম ফরাজী।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল আহম্মেদ খাঁন ও হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কাশেম মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন পাঁচজন। তারা হলেন, আওয়ামী লীগ সমর্থিত পারভীন ইসলাম, মির্জা শিউলি পারভীন, শিউলি আক্তার, মুক্তা আক্তার ও খাদিজা বকাউল।
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চাঁদপুরের সাত উপজেলায় আগামী ২৪ মার্চ ভোট নেওয়া হবে।







