ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- বাঞ্ছারামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী মো. ফারুকের মেয়ে আফরিন (৫) এবং আসাদনগর গ্রামের অপর সৌদি আরব প্রবাসী বাবুল মিয়ার মেয়ে আয়েশা আক্তার (৭)।
স্থানীয়রা জানান, দুই শিশু দূর্গাপুর গ্রামে পুকুরে একসঙ্গে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে এলাকার লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, শিশু আয়েশার নানার বাড়ির পাশেই আফরিনের বাবার বাড়ি। ওরা দুজন একসঙ্গে পুকুরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।







