লক্ষ্মীপুর সদর উপজেলায় ভিজিএফের চাল লুটের অভিযোগ উঠেছে কয়েকজন যুবলীগ নেতার বিরুদ্ধে। বুধবার (২৯ মে) উপজেলার লাহারকান্দি ইউনিয়নে দুস্থদের মাঝে বিতরণের সময় চাল লুট করা হয়। তবে ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
নাম প্রকাশ না করে কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার ১৫ কেজি করে ৬৪৩টি পরিবারের মাঝে চাল বিতরণ করছিল লাহারকান্দি ইউনিয়ন পরিষদ। হঠাৎ সেখানে আসেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির, যুবলীগ নেতা নুর উদ্দিন, আব্বাছ হোসেন ও ইসমাইলসহ কয়েকজন। এরপর জোর করেই ওই চাল লুট করে নিয়ে যান তারা।
কার্ডধারী দুস্থরা জানান, যুবলীগের নেতারা চাল নিয়ে যাওয়ায় তাদের মাঝে চাল বিতরণ করতে পারেনি ইউনিয়ন পরিষদ। পরে ইউপি চেয়ারম্যান বাইরে থেকে চাল কেনার জন্য তাদের কয়েকজনকে ৩০০ টাকা করে দেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বলা হয়, কয়েকদিনের মধ্যে তালিকা করে চাল বিতরণ করা হবে বঞ্চিতদের মাঝে।
তারা আরও জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও চাল পাননি। যারা চাল পেয়েছে, তারাও ১৫ কেজির চালের পরিবর্তে ৭-৮ কেজি করে পেয়েছে।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তফসির বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ভিজিএফের চাল লুট করেছেন। এছাড়া, চাল বিতরণের কার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা যুবলীগকে দেননি। তারপরও তারা (যুবলীগ নেতাকর্মীরা) চাল বিতরণে সহযোগিতা করেছেন।’
এ বিষয়ে লাহারকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মশু পাটোয়ারী বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণ হয়েছে। তবে দুপুরে যুবলীগ নেতা তফসির ও নুর উদ্দিনসহ কয়েকজন কিছু চাল লুট করে নিয়ে যায় জোরপূর্বক। এতে সব কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘চাল না পাওয়া কয়েকজন কার্ডধারীকে নগদ টাকা দেওয়া হয়েছে বাইরে থেকে চাল কেনার জন্য। বাকিদের তালিকা করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে তাদের মাঝেও চাল বিতরণ করা হবে।’
এ ব্যাপারে ট্যাগ অফিসার জ্যোতির্ময় মজুমদার বলেন, ‘অনিয়ম শুরু হলে ঘটনাস্থল ত্যাগ করি আমি।’
এ বিষয়ে জানতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।







