লক্ষ্মীপুরে ১২ কোটি টাকার ব্রিজ ও কালভার্টের কাজের টেন্ডার নিয়ে ভাগবাটোয়ারার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ জুলাই) জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিসে অভিযান চালিয়ে এ অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। দুদক নোয়াখালী অফিসের সহকারী পরিচালক সোবেল আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, ‘১২ কোটি টাকার ব্রিজ ও কালভার্টের টেন্ডার নিয়ে ভাগবাটোয়ারার বিষয়ে সত্যতা পেয়েছি। টেন্ডারটি বাতিলের জন্য দুর্নীতি দমন কমিশনে সুপারিশ করবো।’
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে লক্ষ্মীপুরের ৫টি উপজেলায় ব্রিজ ও কালভার্ট নির্মাণ প্রকল্পের জন্য ঠিকাদারদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে টেন্ডারবাজদের কারণে ঠিকাদাররা দরপত্র কিনতে পারেননি। দরপত্র কিনতে না পারা ঠিকাদারদের অভিযোগ, জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে একটি চক্র ১২ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারা করে নিয়েছে।







