রাজস্ব আয়ে প্রবৃদ্ধির মূল জায়গা ভ্যাট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘ভ্যাট আদায়ের জন্য আমরা দ্রুতই ইলেক্ট্রনিকস ফিসক্যাল ডিভাইস (ইএফডি) মেশিন বসানোর চেষ্টা করছি। ইএফডি মেশিন বসালে আমাদের ভ্যাট আদায় অনেকগুণ বেড়ে যাবে।’
শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন। পিপুলিয়া দিঘীরপাড় টিআইকে মেমোরিয়াল স্কুল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যে পরিমাণ রেমিট্যান্স আসার কথা, আমরা সেই পরিমাণ পাইনা। এর কারণ হলো, সেখান থেকে রেমিট্যান্স পাঠানোর কোনও সহজ রাস্তা নেই। সেজন্য প্রবাসীরা ভিন্ন পথে রেমিট্যান্স পাঠান। এটিকে বৈধপথে আনার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। প্রবাসীরা যেন বৈধপথে রেমিট্যান্স পাঠন সেজন্য ২ শতাংশ প্রণোদনা দেওয়া হয়েছে। এই বছর আমাদের রেমিট্যান্সে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হবে। এটা সম্ভব হচ্ছে প্রণোদনা দেওয়ার কারণে। আয়কর খাতে রাজস্ব অনেক বেড়েছে। ট্যাক্স রেভিনিউ কম আছে। তবে নির্ধারিত সময়ে সেটা আমরা পূরণ করতে পারবো। বছরের শেষে আমাদের রাজস্ব আদায়ের যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে, সেটা অর্জন করতে পারবো।’
অর্থমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের কর্মীরাই সংগঠনের প্রাণ। সব শক্তির মূল উৎস তারাই। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য তাদের দায় রয়েছে। ছাত্রলীগ ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই ছাত্রলীগকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য কাজ করে যেতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে, দেশাত্মবোধকে সর্বাগ্রে লালন করতে হবে।’
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কামাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল।








