লক্ষ্মীপুর সদর হাসপাতালে বাদশা মিয়া (৫৫) নামে এক রোগীর চিকিৎসায় অবহেলার কারণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাদশা মিয়ার মৃত্যু হয়। নিহত বাদশা মিয়া রায়পুর উপজেলার চরবংশী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
বাদশা মিয়ার স্ত্রী শাহানারা অভিযোগ করে বলেন, ‘বুধবার দিবাগত রাত ১টার দিকে বুকের ব্যথা নিয়ে বাদশা মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করি। কিন্তু কোনও চিকিৎসক ও নার্স রোগীর কাছে আসেনি। সকালে রোগী টয়লেটে গেলে সেখানে পড়ে যায়। এরপর চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।’
ছেলে শাহজাহান জানান, রোগীকে অবহেলা করা হয়েছে। তাই এই মৃত্যুর ঘটনা ঘটলো। এর প্রতিবাদ করলে স্থানীয়রাও বিক্ষোভ করেন।
এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘হার্টের সমস্যা নিয়ে রোগী ভর্তির পর চিকিৎসা চলছিল। হঠাৎ রোগীর মৃত্যুর বিষয়টি অনাকাঙ্ক্ষিত। তবু কোনও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’






