কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৫টি দোকান। রবিবার (৫ এপ্রিল) ভোরে রামচন্দ্রপুর বাজার বড় মসজিদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। এত প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।
স্থানীয়রা জানান, ভোর ৬টায় রামচন্দ্রপুর বাজারের মসজিদ মার্কেটের রাজুর মুড়ি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও হোমনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়েছে স্থানীয় দুলাল বনিকের মুদি দোকান, কালীপদের মুদি দোকান, আজাদ বেকারি, অজিত ঘোষের মিষ্টি দোকানসহ ১৫টি দোকান।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, 'আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।'








