নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা হত্যার ঘটনায় পুলিশ আরও দুই জনকে গ্রেফতার করেছে। এ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ দুই দফায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার দুই জন হলেন, একই ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের হেদু মিয়ার ছেলে আক্তার আহমদ (২৪) ও একই গ্রামের মফিজের ছেলে জসিম মাঝি (৩০)।
গ্রেফতারদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার কথা রয়েছে। এর আগে, শনিবার সন্ধ্যায় উপজেলার আন্ডারচর ইউনিয়নের বিভিন্ন স্থানে সুধারাম মডেল থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এছাড়া ঘটনার দিন শুক্রবার রাতে তাৎক্ষণিক দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে, শনিবার বিকালে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার দুই জন হলেন আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আলী আহমদের ছেলে মো. সোহাগ (২৪) ও নুর মোহাম্মদের ছেলে মো. মিলন হোসেন (২৫)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, এ ঘটনায় ঘটনায় শনিবার (১৪ আগস্ট) নিহতের ভাই আমিনুল হক বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেছেন।









