চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবুল বশর তালুকদার হত্যার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় সাড়ে পাঁচ মাস পর গত শনিবার রাতে বরিশাল নগর ও বাবুগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে আদালতের মাধ্যমে চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।
পিবিআইয়ের পুলিশ সুপার (চট্টগ্রাম জেলা) নাজমুল হাসান জানান, গ্রেফতার চারজনকে রবিবার বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
গ্রেফতাররা হলেন—বাহারছড়া পূর্ব চাপাছড়ি ৯ নম্বর ওয়ার্ডের আবদুল কাদের (৫০), তার স্ত্রী হাছিনা বেগম (৪৫), ছেলে মো. রিদুয়ান (২৪) ও জামাতা তৌহিদুল ইসলাম (২৪)।
গত ১৯ মার্চ গভীর রাতে বাড়ি ফেরার পথে চাপাছড়ি গ্রামে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে আবুল বশরকে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী খালেদা আক্তার বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি ওয়ার্ডের বর্তমান সদস্য নাছির উদ্দিনসহ ১২ জনকে আসামি করা হয়। এক মাস আগে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলা তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়।
পুলিশ সুপার নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, হত্যার পর গ্রেফতার এড়াতে বরিশালে বাসা ভাড়া করে বসবাস শুরু করে চার আসামি। তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে বরিশাল মহানগরের কাওনিয়া থানার আল মামুন জামে মসজিদ এলাকার মোল্লা বাড়ির রিপনের বাসা থেকে আবদুল কাদের ও হাছিনা বেগমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই নগরের কোতোয়ালী থানার কাছারি পুকুর এলাকা থেকে রিদুয়ানকে এবং একই জেলার বাবুগঞ্জ থানার রাজকর মাধ্যমিক বিদ্যালয় থেকে তৌহিদুলকে গ্রেফতার করা হয়।









