কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় মো. সালমান (৮) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সালমান চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে বসন্তপুর খাদিজা (রা.) আদর্শ মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দা জামাল জানান, সালমান তার চাচা তোফাজ্জলের সঙ্গে রাস্তা পার হচ্ছিলো। এ সময় দাঁড়িয়ে থাকা ছোট মাইক্রোবাসকে ধাক্কা দেয় বালুবাহী একটি ট্রাক। ওই মাইক্রোর ধাক্কায় মহাসড়কে ছিটকে পড়ে সালমান। তারপর বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সালমান নিহত হয়। আহত হন চাচা তোফাজ্জল হোসেনও। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এসআই মো. শাকিল আহমেদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রো ও ট্রাক আটক করা হয়েছে।








