নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে সিএনজিচালিত অটোরিকশা রাখা নিয়ে বাগবিতণ্ডার জেরে আনসারের দুই সদস্যকে ছুরিকাঘাকারী মাহফুজুর রহমান খানকে (৩৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ এর সদস্যরা।
শুক্রবার (২৯ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহফুজুর রহমান নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের কুদ্দুছ খানের ছেলে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রেসক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিসিপি-২ কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, নোয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারী মাহফুজুরকে র্যাব-১১ এর সিসিপি-২ ও ৩ এর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার কথা স্বীকার করেছে। আসামিকে সুধারাম মডেল থানায় করা মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, মাহফুজুর রহমানকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।









