নোয়াখালীর বেগমগঞ্জে স্ত্রীর করা মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত স্বামীকে সাত বছর পলাতক থাকার পর গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার নুরুল ইসলাম উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মজিদ পাটোয়ারী বাড়ির মৃত আবু বোরহান পাটোয়ারীর ছেলে।
জানা গেছে, ২০১২ সালে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চৌপল্লী ইউনিয়নের এক তরুণীর সঙ্গে নুরুল ইসলামের বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু বিয়ের দুই বছরের মাথায় পারিবারিক কলহের জেরে বাপের বাড়ি চলে যান তার স্ত্রী। পরে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। ওই মামলায় নুরুল ইসলামকে এক বছর ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। গ্রেফতার এড়াতে তিনি ওমান চলে যান। দীর্ঘ সাত বছর তিনি ওমানে পালিয়ে ছিলেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, নুরুল ইসলাম শনিবার (১৩ অক্টোবর) দেশে আসেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









