দলীয় নির্দেশ অমান্য করে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করায় নোয়াখালী জেলার দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরণ এবং নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবু নাছের।
অব্যাহতিপত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হলো।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের উচিত ছিল, পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া। অব্যাহতি পাওয়া নেতাদের পরিবর্তে সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি পদে দায়িত্বে থাকা নেতারা গঠনতন্ত্র অনুযায়ী দলের দায়িত্ব পালন করবেন।’
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি নোয়াখালী পৌরসভার নির্বাচন হবে। বিএনপির পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত এ দুই নেতা ওই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় তৈমুর আলম খন্দকারকে চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দিয়েছিল বিএনপি। বিএনপি এ সরকারের অধীনে আর কোনও নির্বাচনে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছিল।









