চট্টগ্রাম নগরের সিডিএ আবাসিক মাঠে দক্ষিণ জেলা বিএনপির সমাবেশের শেষ পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে। বুধবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। সমাবেশে দলের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে লাঞ্ছিত করেন বিএনপির একদল কর্মী। এক পর্যায়ে সমাবেশ পণ্ড হয়ে যায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এই সমাবেশের আয়োজন করে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, দক্ষিণ জেলা বিএনপির ডাকা ওই সমাবেশে বেশ কিছু সময় ধরে মারামারি ও চেয়ার ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে কিছু কর্মী বিএনপির সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে লাঞ্চিত করে। তারা তার কাপড় টেনে ছিড়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে এ বিষয়ে কেউ থানায় কোনও অভিযোগ করেনি।
সমাবেশে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আহবায়ক আবু সুফিয়ান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সমাবেশের শেষ পর্যায়ে মঞ্চ ভেঙে পড়েছিল। এজন্য কিছু সময় হট্টগোল হয়েছিল। আমাদের কর্মীরা কোনও ধরনের মারামারির সঙ্গে যুক্ত ছিল না। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
তবে সমাবেশে কিছু হাতাহাতি হয়েছে স্বীকার করে পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, সমাবেশে আনোয়ার সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, পটিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান জুয়েলকে দেখে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। তাদের ক্ষোভ ছিল দীর্ঘদিন নেতাকর্মীদের খোঁজ খবর না নেওয়া নিয়ে। তাদের সামনে দেখে ক্ষোভ বেড়ে যায়। এ নিয়ে একটু গণ্ডগোল হয়েছে। আর কিছু না।
নাম প্রকাশ না করার শর্তে দলের স্থানীয় এক নেতা জানান, সভায় আনোয়ারার সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বক্তব্য রাখার সময় একদল কর্মী ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন। এসময় সরওয়ার জামাল নিজামের অনুসারীরা ওই কর্মীদের দিকে তেড়ে যান। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কর্মীরা একে অপরের প্রতি চেয়ার ছুড়ে মারেন। পরে সিনিয়র নেতারা এসে কর্মীদের শান্ত করেন।
দলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দক্ষিণ জেলা বিএনপির ওই সমাবেশে আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। সভায় দক্ষিণ জেলার নেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন। সভায় সভাপত্বি করেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।









