নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২১টি মামলার আসামি, সন্ত্রাসী ও ডাকাত সর্দার আনোয়ার হোসেন মাসুদ ওরফে পিচ্চি মাসুদকে (২৯) গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোল্লা বাজারের উত্তরে বিসমিল্লাহ নগর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মাসুদ উপজেলার মুছাপুর ইউনিয়নের আবুল কাশেমের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন রোমন জানান, মাসুদের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ১টি খুনসহ ডাকাতি, ৩টি মাদক ও ২টি অন্যান্যসহ ৮টি রাজনৈতিক মামলা আছে এবং ৩টি জিআর ওয়ারেন্ট মূলতবি আছে। এর আগে অস্ত্র হাতে ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়েও তদন্ত চলছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ মে বিকালে পিচ্চি মাসুদ ও কেচ্ছা রাসেলের নেতৃত্বে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার প্রতিপক্ষের কয়েক নেতার ওপর অস্ত্র হাতে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হয়। পরে অস্ত্রসহ কেচ্ছা রাসেল গ্রেফতার হলেও পিচ্চি মাসুদ পলাতক ছিল।









