নোয়াখালীর সেনবাগ উপজেলায় তরুণ-তরুণীর প্রেমকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রামের অন্তত ৫ জন আহত হয়েছেন। কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় বাজার সংলগ্ন চৌরাস্তায় এ ঘটনা ঘটে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী-সেনবাগ সড়কে বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয়রা জানায়, কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের এক অষ্টম শ্রেণির ছাত্রী ও কেশারপাড় গ্রামের দশম শ্রেণির ছাত্রের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি কয়েকদিন আগে ওই ছাত্রীর ভাই জানতে পারেন। পরে ওই ছাত্রের কাছে এ বিষয়ে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে দুই দিন আগে বন্ধুদের নিয়ে ওই ছাত্রীর ভাইকে মারধর করে।
এ ঘটনার জেরে সোমবার রাতে ওই ছাত্র বন্ধুদের নিয়ে কানকিরহাট বাজারে ছাত্রীর ভাই ও তার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৬-৭টি দোকান। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দোকানে হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী সোনাইমুড়ী-সেনবাগ সড়ক অবরোধ করে রাখেন কানকিরহাট বাজারের ব্যবসায়ীরা।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









