কক্সবাজারের টেকনাফে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ সংকটাপন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দুটি রিসোর্ট ও পর্যটকবাহী তিনটি জাহাজকে জরিমানা করেছেন পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ থেকে সমুদ্রে ময়লা-আবর্জনা ফেলায় তিন জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় সেন্টমার্টিনের পশ্চিম সৈকতসংলগ্ন দুটি রিসোর্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বে দিয়েছেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
ইউএনও পারভেজ চৌধুরী বলেন, ‘প্রবাল দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা পাওয়ার পর থেকে দ্বীপে যৌথভাবে অভিযান চালাচ্ছি আমরা। বৃহস্পতিবার সকালে কক্সবাজার-টেকনাফ রুটে চলাচলকারী সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ থেকে সমুদ্রে ময়লা-আবর্জনা ও চিপসের প্যাকেট ফেলার দায়ে তিনটি জাহাজকে ২০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশগত সংকটাপন্ন এলাকা সেন্টমার্টিন নিয়ে সরকারের যে ১৩টি নির্দেশনা রয়েছে, সেগুলো বাস্তবায়নে অভিযান অব্যাহত আছে।’
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক বলেন, ‘সমুদ্রে ময়লা-আবর্জনা ও চিপসের প্যাকেট ফেলার দায়ে এমভি পারিজাত, এমভি ফারহান ও এমভি বে-ক্রুজ ইন্টারন্যাশনাল জাহাজকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
‘এর আগে বুধবার সন্ধ্যায় সেন্টমার্টিনের পশ্চিম সৈকতসংলগ্ন অর্ধনির্মিত একটি রিসোর্টের মালামাল জব্দ করা হয়। রিসোর্টের সোলার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পূর্ব সৈকতের একটি জমিতে সীমানাপ্রাচীরের কাজ চলছিল। প্রবাল কেটে ব্যবহার করার প্রমাণ পাওয়ায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা-২০১৬ অনুযায়ী ওই রিসোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কিংশুক ইকো বিচ রিসোর্টের পয়োনিষ্কাশনের লাইন সমুদ্রের দিকে বের করে দেওয়ার দায়ে মালিকপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রবাল দ্বীপ রক্ষায় সরকারি মহাপরিকল্পনা বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে।’ যোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক।
সম্প্রতি সেন্টমার্টিনের প্রবাল দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৩টি সম্ভাব্য সুপারিশ বাস্তবায়নে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে অভিযান শুরু করে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন।








