চট্টগ্রামে করোনা শনাক্তের হার এক শতাংশের নিচে নেমে এসেছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এক হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।
এর আগের দিন শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুই হাজার ১৮১০টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২ দশমিক ১০ শতাংশ।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে দীর্ঘদিন পর শনাক্তের হার এক শতাংশের নিচে নেমেছে। রবিবার শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে ১২ জন নগরীর এবং ২ জন জেলার বাসিন্দা। জেলার ১৫টি উপজেলার মধ্যে পটিয়া ও হাটহাজারিতে একজন করে দুই জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি ১৩ উপজেলায় একজনেরও করোনা শনাক্ত হয়নি।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৩৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতে ৯১ হাজার ৯০৪ জন ও জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৪৬৭ জন। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৭৩৪ জন ও জেলায় ৬২৮ জন।









