নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে গাজীপুরের গাছা থানার চান্দুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের হরিবল্লভপুর গ্রামের মো. মাহফুজ (৫০) এবং এনায়েত নগর গ্রামের মো. বাহার (৩৫)। তাদের মধ্যে মাহফুজ যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বাহার হত্যা ও অস্ত্র মামলার আসামি।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল গাছা থানার চান্দুরা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, মাহফুজ ২০০৬ সালের একটি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বাহার ২০১৩ সালের ১৮ জুলাই ও একই বছরের ৩ সেপ্টেম্বর করা হত্যা মামলা এবং ২০১৪ সালের ১১ মার্চ করা অস্ত্র মামলার আসামি। তাদেরকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে









