চট্টগ্রামে ১১ দিনে ফ্যামিলি কার্ডে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়েছেন তিন লাখ ৩৪ হাজার ২৫৩ জন। প্রথম ধাপে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য পান তারা। শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
চট্টগ্রামে স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে ফ্যামিলি কার্ড পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৮২ জন। তাদের মধ্যে পণ্য বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম জেলায় ৮১ জন ডিলারের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড, ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন, ১৫টি পৌরসভায় ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে প্রথম পর্যায়ের পণ্য বিতরণ চলছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, ফ্যামিলি কার্ড দেখিয়ে প্রতি উপকারভোগী পরিবার ৪৬০ টাকায় পাচ্ছেন দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল। নির্ধারিত ডিলারদের কাছে থেকে এসব পণ্য ক্রয় করতে পারছেন তারা।
তিনি আরও জানান, প্রথম পর্বে চট্টগ্রামে গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন লাখ ৩৪ হাজার ২৫৩ জন ফ্যামিলি কার্ডধারী পণ্য পেয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পণ্য বিক্রি করা হচ্ছে।
উপকারভোগী পরিবারের মধ্যে ৬৬৮.৫০৬ মেট্রিক টন চিনি, ৬৬৮.৫০৬ মেট্রিক টন মসুর ডাল ও ৬ লাখ ৬৮ হাজার ৫০৬ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়েছে।
প্রথম পর্যায়ে টিসিবি পণ্য বিতরণের ৬২ দশমিক ৪৭ শতাংশ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ের মজুতকৃত পণ্য অবশিষ্ট উপকারভোগীদের মধ্যে বিতরণ কার্যক্রম অতিদ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি।









