বান্দরবান সরকারি কলেজের আবাসিক হলে প্রবেশ করে তৌহিদ নামের এক ছাত্রকে মারধর করে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের আহবায়ক টিপু দাশের বিরুদ্ধে। রবিবার (৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
ছাত্ররা অভিযোগ করেন, বান্দরবান সুয়ালকের বাসিন্দা ও তৌহিদের একই ক্লাসের ছাত্র রবিন কান্তি নাথ সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা টিপু দাশ তৌহিদকে দোষারোপ করেন। তৌহিদের বিরুদ্ধে ব্রেইন ওয়াশ করে রবিনকে ধর্মান্তরিত করার অপবাদ তোলে আবাসিক হলে গিয়ে মারধর করা হয়। পরে তাকে পুলিশেও সোপর্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আহবায়ক টিপু দাশ বলেন, মারধরের কোনও ঘটনা ঘটেনি। তবে একজনকে হোস্টেল থেকে ধরে আনার বিষয়টি স্বীকার করেন তিনি।
এসআই মিঠুন সিংহ বলেন, তৌহিদ নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে তাকে মারধর করা হয়নি। তার অভিভাবক আসছে, তাদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হবে।
বান্দরবান সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, একজনকে ধরে থানায় নিয়ে আসা হয়েছে। তবে বিষয়টি সেনসিটিভ, তাই কোনও মন্তব্য করতে চাই না।
তৌহিদকে থানায় আটকে রাখার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।









