আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পৌরসভা নির্বাচনের সময় বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে আওয়ামী লীগ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে,এবারও তার ব্যতিক্রম হবে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী আছিরিয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,‘জাতীয় পার্টিতে তাদের নিজেদের নিয়েই মাঝে মাঝে অস্থিরতা দেখা দেয়। এটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। এটাকে আমি জাতীয় পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বলে মনে করি। এসব ১৪ দলীয় জোটের রাজনীতিতে কোনও প্রভাব ফেলবে না।’
বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘২০০৮ সাল থেকে এখন পর্যন্ত তারা ফলপ্রসূ কোনও আন্দোলন গড়ে তুলতে পারেনি। বিএনপি আন্দোলনেও যাচ্ছে, আবার স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করছে। বিগত সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, এ জন্য নির্বাচন বসে থাকেনি। বিএনপি যদি ক্ষমতা পরিবর্তন চায় তাহলে পরবর্তী নির্বাচন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।’
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ আশরাফুজ্জামান দৌলা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক খায়রুল আনাম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী প্রমুখ।
/আরএ/এসএম/







