মসজিদে ঈদের নামাজে এসে মুসল্লিদের কাছ থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৮ মে) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মারুফ হাসান (৩৬), ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মনছুর আলম (৪৪)। এ সময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (৯ মে) কোতোয়ালি থানার এসআই মো. মেহেদী হাসান জানান, ঈদের দিন জামিয়াতুল ফালাহ জামে মসজিদে আসা কিছু মুসল্লিদের পকেট থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে। রবিবার রাতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য মারুফ হাসানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে চারটি চোরাই মোবাইল ফোন পাওয়া যায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইসমাইলকে চারটি চোরাই মোবাইল সেট এবং মনছুরকে পাঁচটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মোবাইল চুরি করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।









