কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এক মেয়র প্রার্থীসহ ১২ জন কাউন্সিলর প্রার্থী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার (২৬ মে) ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন। সন্ধ্যায় কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়রপ্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি নৌকার পক্ষে কাজ করার লক্ষ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। পরে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরীর কাছে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এছাড়া সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী যারা মনোনয়ন প্রত্যাহার করছেন তাদের মধ্যে রয়েছেন- এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী বৃষ্টি আক্তার, সংরক্ষিত ওয়ার্ড চার, পাঁচ ও ছয়ের সংরক্ষিত প্রার্থী নাসরিন সুলতানা।
এছাড়া সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. শাহজাহান, চার নম্বর ওয়ার্ডের মো. মোসলেহ উদ্দিন, সাত নম্বর ওয়ার্ডের মো. ফরহাদ হোসেন, ২১ নম্বর ওয়ার্ডের মো. মাহবুবুর রশিদ (মাহবুব), ২২ নম্বর ওয়ার্ডের বিজয় রতন দেবনাথ, ২৪ নম্বর ওয়ার্ডের মো. আব্দুল মতিন খান, ২৬ নম্বর ওয়ার্ডের মো. জহিরুল ইসলাম, একই ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন ও গোলাম সারোয়ার কাউসার ও ২৭নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ওসমান গণি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
প্রার্থিতা প্রত্যাহার শেষে কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে এখন লড়বেন পাঁচ মেয়র প্রার্থী। সংরক্ষিত কাউন্সিলরে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন মিলিয়ে মোট ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, শুক্রবার (২৭ মে) সকাল ৯টা থেকে প্রতীক বরাদ্দ হবে। ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।








