খেলার সময় পুকুর পড়ে যাওয়া বল আনতে গিয়ে কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মারা গেছে। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জেলার বরুড়া পৌরসভার অর্জুনতলা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু- অর্জুনতলা গ্রামের জগবন্ধু চন্দ্রের বাক প্রতিবন্ধী ছেলে গোপাল চন্দ্র (১২) এবং সূর্য লাল পালের ছেলে শিপ্ত পাল (৯)।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে ফুটবল খেলছিল কয়েকজন শিশু। এ সময় বল গিয়ে পুকুরের পানিতে পড়ে। ধারণা করা হচ্ছে প্রথমে একজন পানিতে নামে। সে ডুবে যাওয়াতে অপরজন পানিতে নামে। তবে দু’জনের কেউ সাঁতার না জানায় ডুবে যায় তারা।
বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম সোহেল শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে।








