পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল এলইডি টিভিতে দেখবে চট্টগ্রামের মানুষ। নগরীর ১০টি স্থানে ডিজিটাল এলইডি টিভির মাধ্যমে সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে।
মঙ্গলবার (২১ জুন) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল ৩টায় পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৫ জুন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান ডিজিটাল এলইডি টিভিতে চট্টগ্রাম নগরীর ১০টি স্থানে দেখানো হবে।’
স্থানগুলো হলো- নিউ মার্কেট চত্বর, পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর, স্টিলমিল বাজার, বাদামতলী মোড়, বড়পুল বঙ্গবন্ধু ভাস্কর্য চত্বর, অলংকার চত্বর, বহদ্দারহাট মোড়, অক্সিজেন মোড়, আন্দরকিল্লা মোড় ও জামালখানস্থ ডা. খাস্তগীর স্কুল চত্বরে একযোগে সম্প্রচার করা হবে। স্থানগুলোতে সংশ্লিষ্ট ওয়ার্ড, থানা এবং মহানগর নেতৃবৃন্দকে ব্যানার সহকারে উপস্থিত থাকার জন্য বলেছেন মেয়র। এছাড়া ২৫ জুন বিকাল ৩টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
মেয়র বলেন, স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সঙ্গে যাদের সম্পৃক্ততা আছে, এমন ব্যক্তি যেন আওয়ামী লীগে ঢুকতে না পারে। এ ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সম্পাদকমণ্ডলীর সদস্য বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, শেখ মো. ইসহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস ছালাম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও হাসান মাহমুদ শমসের প্রমুখ।









