চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামি মো. ইসমাইলকে (২৮) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ জুলাই) রাত ১০টায় নগরীর বাকলিয়া থানার তুলাতুলী ‘ওয়েডিং পার্ক কনভনশন হল থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৭। ইসমাইল বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি এলাকার জাহাঙ্গির আলমের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে জানান, ২০২১ সালের ২০ অক্টাবর দুপুরে বাঁশখালীর মনছুরিয়া বাজার এলাকায় বসতবাড়ির পানি নিষ্কাশনের পাইপ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় আব্দুল খালক ও তার ভাতিজা টিপু সুলতানকে ধারালা রাম দা ও রড দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আব্দুল খালেকের মা বাদী হয় বাঁশখালী থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। গ্রেফতার ইসমাইল এই মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় নাশকতা ও বিভিন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আরও দুটি মামলা রয়েছে।









