ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন সিল জালিয়াতি করে ভারতে প্রবেশকালে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় গ্রেফতারের পর রাতে তাদের আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—যশোরের কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের ধোনাই মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও মণিরামপুর উপজেলার খোঁজালিপুর গ্রামের জমসেদ আলী দফাদারের ছেলে শরিফুল ইসলাম (৩০)।
আখাউড়া ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, গতকাল বিকালে ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় দুই দেশের ফ্লাগ ডাউন শেষে চেকপোস্টের বহির্গমনের গেট পেরিয়ে আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেন দুই যুবক। আগরতলা ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের সিল দেখে সন্দেহ হওয়ায় তাদের আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠান। এ সময় পাসপোর্টে দেওয়া আখাউড়া ইমিগ্রেশনের সিলটি জাল থাকায় ইমিগ্রেশন পুলিশ জাহাঙ্গীর ও শরিফুলকে গ্রেফতার করে।
সূত্রে আরও জানায়, ওই দুই যুবক গত ২৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহভাজন ভ্রমণকারী হিসেবে তাদের পাসপোর্ট অফলোড সিল দিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে। পরে তারা কৌশলে ভারতের ভিসা নিয়ে আখাউড়ার দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করে।
আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, দুই যুবক আখাউড়া ইমিগ্রেশনের সিল জাল করে ভারতে প্রবেশ করে। পাসপোর্টের সিল দেখে আগরতলা ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হওয়ায় তাদের ফেরত পাঠিয়ে দেয়। পরে যাচাই-বাছাই করে সিলটি জাল বলে নিশ্চিত হই। রাতেই তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, প্রতারক চক্রের মাধ্যমে পাসপোর্টে সিল নকল করে ভারতের আগরতলা ইমিগ্রেশন চলে যায় দুই যুবক। পাসপোর্ট জালিয়াতিসহ জাল জালিয়াতি ধারায় মামলা করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। প্রতারক চক্রকে শনাক্তে অনুসন্ধান চলছে।









