চাঁদপুরের হাজীগঞ্জে সাত বালু ব্যবসায়ীকে সাত লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জে বালু মহাল ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদিন আলীগঞ্জ বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন তিনটি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দফতরের সামনে একটি, হাজীগঞ্জ বাজার ডিগ্রি কলেজ রোড এলাকায় একটি ও হাজীগঞ্জ-রামগঞ্জ ব্রিজ (হাজীগঞ্জ সেতু) সংলগ্ন এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণপাড়ে দুটিসহ মোট সাতটি স্থানে উন্মুক্ত অবস্থায় বালু রেখে বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। ভ্রাম্যমাণ আদালত বালু ব্যবসায়ীদের পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৪ এর ৪ (ক) ২ ধারায় পৃথক পৃথকভাবে মোট সাত লাখ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম এসময় বালু ব্যবসায়ীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও পরামর্শ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পরিবেশ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ আব্দুল আজিজসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাঁদপুর পরিবেশ অধিদফতরের উপ-সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মাদ রাজীব বলেন, এই অভিযানের আগে হাজীগঞ্জের ইউএনও মো. রাশেদুল ইসলাম বালু ব্যবসায়ীদের প্রথমে ডেকে নিয়ে সতর্ক করেন। এরপরেও আইন ও নিয়মের তোয়াক্কা না করে উন্মুক্ত অবস্থায় বালু ব্যবসা অব্যাহত রাখেন তারা। স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, মো. রাশেদুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পরিবেশ অধিদফতরকে এই অভিযান পরিচালনার নির্দেশ দেন।









