চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক ইউপি সদস্যের ছোট ভাইকে খুনের হত্যার ঘটনায় প্রধান আসামি সাহাব উদ্দিনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভোরে নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাহাব উদ্দিন সীতাকুণ্ড থানার হাসানাবাদ এলাকার নুরুজ্জামান প্রকাশ লাতুর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে জানান, গত ২৯ জুন মুরাদপুর গরুর হাট থেকে বাড়ি ফেরার পথে সীতাকুণ্ড এলাকায় মুমিনুল হককে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকবর হোসেনের ছোট ভাই মুমিনুল।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আট জনকে আসামি করে হত্যা মামলা করেন। গ্রেফতার সাহাব উদ্দিন এই মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চুরি ও ছিনতাইসহ চারটি মামলা রয়েছে।








