চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক আরোহী পড়ে ট্রাকচাপায় নিহত হয়েছেন। তার নাম সাইফুল ইসলাম (৩৩)। তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। চালক মোটরসাইকেল হঠাৎ থামাতে গিয়ে পেছনে বসা আরোহী ছিটকে পড়ে যান। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, তিনি বোয়ালখালী থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। অপরদিকে ট্রাকটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।









