কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ইটবোঝাই ট্রাক উল্টে দুই কিশোরী নিহত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৯ ব্লকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওই রোহিঙ্গা ক্যাম্পের জি-১২ ব্লকের বাসিন্দা জিয়াবুল হকের মেয়ে কানতা (১৪) ও একই ক্যাম্পের জি-২ ব্লকের বাসিন্দা আব্দুস সালামের মেয়ে নুর কলিমা (১২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেসরকারি সংস্থার (এনজিও) প্রকল্পে ব্যবহারের জন্য দশ হাজার ইট বহন করছিলো একটি ট্রাক। সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উলটে পড়ে। এতে রাস্তায় দাঁড়িয়ে থাকা দুই কিশোরী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসাইন জানান, খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থল থেকে দুই কিশোরীর লাশ উদ্ধার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।








